সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাদেক কাউসার দস্তগীর সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় রিমান্ডে গুলি করার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, হত্যার উদ্দেশ্যে নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তিনি গুলি ছুঁড়েছিলেন। 



পিবিআই সিলেটের পরিদর্শক মোহাম্মদ মোরসালিন জানান, রিমান্ডে দস্তগীর স্বীকার করেছেন যে ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে তিনি কনস্টেবল মোজাহিদের অস্ত্র ব্যবহার করে ৪৫ ডিগ্রি কোণে গুলি ছুঁড়েছিলেন। তিনি এও জানিয়েছেন যে, ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার সাবেক সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান ফোর্সকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরপুর থেকে সাদেক দস্তগীরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরের দিন তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড, মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গত ১৯ জুলাই সিলেট নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদের সাংবাদিক এটিএম তুরাব। ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখানোর পর সাদেক দস্তগীর গুলি ছোঁড়ার কথা স্বীকার করেন। তবে তিনি হত্যার উদ্দেশ্য অস্বীকার করে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি ছোঁড়া হয়েছিল।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুলি চালানোর নির্দেশনা এবং এর পরিণতিতে একজন সাংবাদিকের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত চলছে। মামলার অগ্রগতির বিষয়ে আরও তথ্য শিগগিরই পাওয়া যেতে পারে।